আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা

 

আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে একটি বিশেষ লিখিত বার্তা পাঠিয়েছেন। বুধবার (১ এপ্রিল) আবুধাবিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকের মাধ্যমে বার্তাটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এই তথ্য নিশ্চিত করেছে আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমিরেটস নিউজ এজেন্সি।

বার্তায় দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্য প্রতিফলিত হয়েছে। প্রধানমন্ত্রীর বৈদেশিক উপদেষ্টা হুমায়ুন কবির আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর চিঠি হস্তান্তর করেন।

লিখিত বার্তায় প্রধানমন্ত্রীর লক্ষ্য ছিল দুই বন্ধুপ্রতিম দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর গুরুত্ব তুলে ধরা। এর মধ্যে রয়েছে—ঐতিহাসিক সম্পর্কের ধারাবাহিকতা রক্ষা, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং উভয় দেশের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে পরস্পরের সহযোগিতা।

বৈঠকে হুমায়ুন কবির আরব আমিরাতের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের পূর্ণ সমর্থন ও সংহতির কথাও পুনর্ব্যক্ত করেন।