
বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইন বা ব্লেন্ডেড লার্নিং চালুর পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাব অনুযায়ী, বিশ্ববিদ্যালয় ছাড়া মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সপ্তাহে তিন দিন অনলাইন এবং তিন দিন সশরীরে ক্লাস নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।
পরিকল্পনায় বলা হয়েছে, এক দিন অনলাইন ক্লাস হলে পরবর্তী দিন সশরীরে ক্লাস অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাবটি আলোচনায় উঠতে পারে। প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস চালুর বিষয়টি সরকার গুরুত্বসহকারে বিবেচনা করছে। তিনি জানান, বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি উপস্থাপন করা হবে এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
দীর্ঘ ৪০ দিনের রমজান ও ঈদুল ফিতরের ছুটি শেষে গত রোববার শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও বৈশ্বিক পরিস্থিতি নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়ছে। এ অবস্থায় জ্বালানির ব্যবহার কমানো এবং যাতায়াত সীমিত করতে আংশিক অনলাইন পাঠদানকে সম্ভাব্য কার্যকর বিকল্প হিসেবে দেখা হচ্ছে।