যে সমীকরণে এগিয়ে ছাত্রদলের ভিপিপ্রার্থী আবিদুল

image 26

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীরা এখন শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত। এবার নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস পদ নিয়ে আলোচনার ঝড় উঠেছে। ভিপি পদে বৈধ প্রার্থী ছিলেন ৪৪ জন, তবে একজনের প্রার্থিতা বাতিল হওয়ায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৩ জন। যদিও সবাই সমান আলোচনায় নেই, তবুও কয়েকজন প্রার্থীকে ঘিরেই ছাত্রসমাজের আগ্রহ বেশি।

আলোচনার কেন্দ্রে রয়েছেন—ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সাদিক কায়েম, ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের উমামা ফাতেমা এবং স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন। বিশেষ করে ছাত্রদলের আবিদ ও শিবির সমর্থিত সাদিক কায়েমের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দিয়েছেন অনেক শিক্ষার্থী।

শিক্ষার্থীদের একটি অংশের মতে, নারী ভোটারদের একটি বড় অংশ উমামা ফাতেমার দিকে ঝুঁকতে পারেন। অন্যদিকে, শামীম হোসেনের ক্যাম্পাসে আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে, যা তার ভোটের সম্ভাবনা বাড়াতে পারে। তবে ছাত্রদল সমর্থিত আবিদের কর্মী-সমর্থক সংখ্যা সবচেয়ে বেশি, সংগঠনের শক্তিশালী অবস্থানের কারণে তাদের ভোটব্যাংকও তুলনামূলক সুসংহত। পাশাপাশি, বাম সংগঠনগুলোর সমর্থনও আবিদের দিকে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সব মিলিয়ে বর্তমানে আবিদ কিছুটা এগিয়ে থাকলেও, চূড়ান্ত ফলাফল জানতে অপেক্ষা করতে হবে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত।

সাবেক জিএস ও বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় প্রার্থীর যোগ্যতা ও আদর্শ দেখে ভোট দেন। তবে এবার পরিবেশ ভিন্ন। শেষ পর্যন্ত যদি সবার জন্য সমান সুযোগ থাকে, স্বল্প পরিচিত কেউও বিজয়ী হতে পারে।”

অন্যদিকে সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্না মন্তব্য করেন, “এবার নির্বাচন রাজনৈতিক কাঠামোয় হচ্ছে না। যদি লেভেল প্লেয়িং ফিল্ড থাকে এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দেন, তাহলে অতি আলোচিত প্রার্থীও হেরে যেতে পারেন।”

ভিপি পদে আলোচিত প্রার্থীরা

প্রচারণায় যাদের নাম বেশি আলোচনায় এসেছে—

  • ছাত্রদল সমর্থিত: আবিদুল ইসলাম খান
  • ছাত্রশিবির সমর্থিত: সাদিক কায়েম
  • বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ (বাগছাস সমর্থিত): আব্দুল কাদের
  • স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য: উমামা ফাতেমা
  • বামজোট সমর্থিত প্রতিরোধ পর্ষদ: শেখ তাসনিম আফরোজ ইমি
  • ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ডাকসু ফর চেঞ্জ: বিন ইয়ামীন মোল্লা
  • স্বতন্ত্র প্রার্থী: শামীম হোসেন
  • ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত সচেতন শিক্ষার্থী সংসদ: ইয়াছিন আরাফাত
  • সমন্বিত শিক্ষার্থী সংসদ: জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ