১৪০ মসজিদের ইমামকে কুরআন উপহার দিলেন তারেক রহমান

image 27

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঢাকা-১৫ আসনের ১৪০টি মসজিদের ইমামকে পবিত্র কুরআন শরীফ ও ইসলামিক সামগ্রী উপহার পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ হিজরি ১৪৪৭ সালের ১২ রবিউল আউয়াল। দেশব্যাপী যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)।

ইসলামি ইতিহাসে এই দিনটির তাৎপর্য অপরিসীম। আরব সমাজের ‘আইয়ামে জাহেলিয়া’ বা অন্ধকার যুগ থেকে মানবজাতিকে মুক্তি ও সত্যের পথে আহ্বান জানাতে মহান আল্লাহ তায়ালা রাসুলুল্লাহ (সা.)-কে শেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেন। তার জীবনাদর্শ বা সুন্নাহ মুসলিম উম্মাহর দিকনির্দেশনা ও ইসলামের মূল ভিত্তি হয়ে ওঠে।

৫৭০ খ্রিষ্টাব্দে এই দিনেই মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন।

এ উপলক্ষে তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা-১৫ আসনের মসজিদগুলোর ইমামদের হাতে কুরআন শরীফ ও ইসলামিক উপহার পৌঁছে দেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন।