জাতীয় পার্টি-আওয়ামী লীগ চোরে চোরে মাসতুতো ভাই : সারজিস

image 28

আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে ‘চোরে চোরে মাসতুতো ভাই’ আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা শহরে কুলি-শ্রমিকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, “একজন চোর দেশ ছেড়ে পালিয়েছে। যে চোর এতদিন তাদের ছায়াতলে ছিল, এখন সেই চোরকেই আবার নিজেদের ব্যানারে আশ্রয় দেওয়ার কথা বলছে। চুরি-বাটপারি ছাড়া আওয়ামী লীগের কেউ কখনো নেতা হতে পারেনি। জাতীয় পার্টির নেতারা ‘রিফাইন্ড আওয়ামী লীগ’-এর যে গল্প বলছে, সেটি ভারতের দেওয়া আইডিয়া। তবে এই আইডিয়া অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে কার্যকর হবে না।”

তিনি আরও বলেন, “যারা বিডিআর বিদ্রোহ ঘটিয়েছে, শাপলা চত্বরে আলেমদের হত্যা করেছে এবং ২৪ তারিখে হাজারো ছাত্র-জনতাকে নির্মমভাবে হত্যা করেছে— সেই খুনিরা এ দেশে রাজনীতি করার অধিকার রাখে না। আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, একইভাবে তাদের বড় সহযোগী জাতীয় পার্টির সব কার্যক্রমও নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ ও তাদের বি-টিম জাতীয় পার্টিকে চিরতরে রাজনীতি থেকে বহিষ্কার করতে হবে।”

এনসিপি নেতা অভিযোগ করে বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিস্টদের প্রতি নমনীয় আচরণ করছে। এ ধরনের মনোভাব মানুষের আস্থার সংকট তৈরি করছে। আপনাদের দায়িত্ব হলো খুনিদের বিচারের মুখোমুখি করা।”

এ সময় তিনি আরও দাবি করেন, “পঞ্চগড়ে ছাত্রদল স্কুল কমিটি গঠন করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ধ্বংস করার পাঁয়তারা করছে। তারা স্কুলের শিক্ষার্থীদের রাজনীতির মধ্যে টেনে নিয়ে গিয়ে অপরাজনীতি চালাবে, মাদকের ব্যবসা করবে এবং চাঁদাবাজি বাড়াবে।