সাবেক এমপি সাদ্দাম হোসেন গ্রেফতার

image 25

নীলফামারী-৩ আসনের (জলঢাকা) সাবেক সংসদ সদস্য এবং নিষিদ্ধ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে রাজধানীর লালমাটিয়ায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গত বছরের জুলাই আন্দোলনের সময় ছাত্রদের ওপর হামলার অভিযোগে জলঢাকা থানাসহ ঢাকায় তার বিরুদ্ধে একাধিক মামলা চলছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

জলঢাকা থানার ওসি আরজু মো. সাজ্জাদ বলেন, জুলাই আন্দোলনের মামলায় পাভেলকে গ্রেপ্তারের জন্য ‘শ্যোন অ্যারেস্ট’ জারি ছিল। অবশেষে পুলিশের গোয়েন্দা বিভাগ অভিযান চালিয়ে তাকে আটক করে।

মামলার নথিতে উল্লেখ আছে, ২০২৪ সালের ৪ আগস্ট জলঢাকা বাজারের পেট্রলপাম্প এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে পাভেলসহ অন্যরা লাঠি, ছোরা ও চাইনিজ কুড়াল নিয়ে হামলা চালান। এতে বাদী ইয়াছিন আলী গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

এই মামলায় আরও আসামি আছেন সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফা, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী মিন্টু। তারা বর্তমানে পলাতক।