
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস একসময় আওয়ামী লীগের প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন। এবার তিনি বিএনপির মঞ্চে বক্তব্য দিয়ে নতুন বিতর্কের জন্ম দিলেন। গত বৃহস্পতিবার কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি স্থানীয় নেতা রিপন হোসেনের সমর্থনে বক্তব্য রাখেন।
জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শোডাউন, ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অপু বিশ্বাসের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেতা নিরব হোসেন। খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেনের আমন্ত্রণে তারা অংশ নেন এ আয়োজনে।
তবে বিএনপির সমাবেশে অপুর অংশগ্রহণের খবর প্রকাশ হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই প্রশ্ন তুলেছেন, আওয়ামী লীগের হয়ে প্রচারণা চালানো এবং মনোনয়ন প্রত্যাশী এই নায়িকা কীভাবে বিএনপির মঞ্চে স্থান পেলেন।
নানা জনের মন্তব্যে ক্ষোভ প্রকাশ পায়। কেউ কেউ দাবি করেন, যারা অপু বিশ্বাসকে আমন্ত্রণ জানিয়েছেন তাদের বহিষ্কার করা উচিত। অনেকেই অভিযোগ করেন, বিএনপি যদি আওয়ামী লীগপন্থী শিল্পীদের দিয়ে অনুষ্ঠান সাজায়, তবে দলীয় কর্মীদের ত্যাগ-তিতিক্ষার কোনো মূল্য রইল না।
নেটিজেনদের মন্তব্যে একদিকে অপুর রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, অন্যদিকে বিএনপির নেতাদের সিদ্ধান্তেরও সমালোচনা হয়েছে। অনেকেই বলেছেন, এ ধরনের ভাড়াটে ও দ্বিমুখী শিল্পীদের দিয়ে সমাবেশ সাজানো বিএনপির রাজনৈতিক দুর্বলতারই বহিঃপ্রকাশ।