
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেলের ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) প্রার্থী আব্দুল কাদের সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানির অভিযোগ তুলেছেন।
তিনি বলেন, “আমার ডাকসুতে জেতা জরুরি নয়, আমি শুধু বেঁচে থাকতে চাই। অন্তত এইটুকু দয়া আমাকে করা হোক। ‘রাজাকার’ প্রসঙ্গে কথা বলার পর থেকেই প্রতিনিয়ত হয়রানি বাড়ছে। এর পর থেকে আমি ঠিকভাবে ঘুমাতে পারি না, মাঝরাতে ঘুম ভেঙে যায়; শরীর কেঁপে ওঠে।”
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ আশঙ্কা ও কষ্টের কথা প্রকাশ করেন।
কাদের আরও লেখেন, “একজন মানুষকে নিয়ে আর কতটুকু করা যায়? ধৈর্যেরও তো একটা সীমা আছে। আমি আর কতদিন সহ্য করতে পারব, জানি না। শুধু অনলাইনে সীমাবদ্ধ থাকলেও সহনীয় ছিল, কিন্তু বাসায় গিয়ে আমার আম্মাকেও কথা শুনতে হচ্ছে।”
তিনি অভিযোগ করে বলেন, “১০ দিন আগের বক্তব্য কাটছাঁট করে প্রোপাগান্ডা ছড়ানো হলো। অথচ পুরো বক্তব্য প্রকাশ করলে মানুষ আসল সারমর্মটা বুঝতে পারত। এখনও তো মাত্র শুরু, সামনে আরও ৫ দিন বাকি। তত দিনে কী যে ঘটবে, ভেবে আরও আতঙ্কে পড়ি।”