
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে দেরি হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে শিক্ষা মন্ত্রণালয়। এমন প্রেক্ষাপটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ারকে প্রত্যাহার করেছে সরকার।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা ও জনপ্রশাসন বিষয়ক কমিটির সদস্য সচিব মাহফুজ আলম তার ফেসবুক বার্তায় এ তথ্য জানান।
তিনি লেখেন, “মাইলস্টোন ট্র্যাজেডির পূর্ণাঙ্গ তদন্তে শিগগিরই একটি কমিটি গঠন করা হবে। শিক্ষার্থীদের ছয় দফা দাবিকে প্রাধান্য দিয়ে তদন্ত কমিটির কাঠামো নির্ধারণ করা হবে। ইতোমধ্যে শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে। ন্যায্য যেকোনো দাবি মানতে সরকার দায়বদ্ধ।”
গত সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের অধিকাংশই শিক্ষার্থী। আহত হয়েছেন অন্তত ১৬৫ জন। এ ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) রাষ্ট্রীয় শোক ঘোষণা করে সরকার।
দুর্ঘটনার রেশ থাকতেই মঙ্গলবার এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত ছিল। শোকাহত শিক্ষার্থীদের দাবির মুখে পরীক্ষা স্থগিতের দাবি ওঠে নানা মহলে, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় রাত পর্যন্ত অনড় অবস্থান বজায় রাখে। এক পর্যায়ে শিক্ষার্থীরা পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়।
রাত ৩টার দিকে অবশেষে পরীক্ষার স্থগিতাদেশ আসে। তবে এত দেরিতে সিদ্ধান্ত নেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
মঙ্গলবার দুপুরে একদল শিক্ষার্থী সচিবালয়ের সামনে বিক্ষোভে অংশ নেয় এবং একপর্যায়ে তারা গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করে। আইনশৃঙ্খলা বাহিনী পরে তাদের সচিবালয় এলাকা থেকে বের করে দেয়।