
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন পাইলট তৌকির ইসলাম সাগর। মাত্র এক বছর আগে তার বিয়ে হয়েছিল। তার মৃত্যুতে রাজশাহীর গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।
সোমবার (২১ জুলাই) দুপুরে সাগরের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনরা আহাজারি করছেন। তার মামা শওকত আলী জানান, ছোটবেলা থেকেই সাগরের স্বপ্ন ছিল পাইলট হওয়ার। পরিবারের ইচ্ছা ছিল তিনি সেনাবাহিনীর একজন কর্মকর্তা হবেন, তবে সাগর নিজের স্বপ্নকে বেছে নিয়েছিলেন। তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্র। রাজশাহী গভ. ল্যাবরেটরি স্কুলে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত লেখাপড়া করার পর ভর্তি হন পাবনা ক্যাডেট কলেজে। সেখান থেকেই উচ্চ মাধ্যমিক শেষ করে বাংলাদেশ বিমানবাহিনীতে যোগ দেন।
সাগরের আরেক মামা সেলিম জানান, প্রায় এক বছর আগে তৌকিরের বিয়ে হয়। তবে মাত্র দুই মাস আগে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তার স্ত্রী ব্র্যাক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। আগামীকাল রাজশাহীতে তৌকিরের দাফন সম্পন্ন হবে।
উল্লেখ্য, সোমবার দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট, সেনাবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নেন। আহতদের দ্রুত হাসপাতালে নেয়া হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উদ্ধার কাজের সমাপ্তি ঘোষণা করা হয়।
ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত এবং দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।