
ইসলামাবাদ: বেলুচিস্তানে পছন্দমতো বিয়ের “অপরাধে” এক দম্পতিকে গুলি করে হত্যা করা হয়। এই বর্বর ঘটনার ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। ইতোমধ্যে ১১ জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ, এবং অভিযান এখনো চলছে।
ভিডিওতে দেখা যায়, মৃত্যুর আগে মেয়েটির হাতে ছিল পবিত্র কোরআন। সে দৃঢ় কণ্ঠে বলে,
“শুধু গুলি করো, কেউ যেন আমাকে স্পর্শ না করে।”
সে জানতো তার পরিণতি কী হবে, তবুও তার হাত-পা একটিবারের জন্যও কাঁপেনি। তার সাহসিকতা আর বিশ্বাস দেশবাসীর হৃদয় নাড়িয়ে দিয়েছে।
ঘটনার মূলহোতা ছিল একটি জিরগা, যারা এই ‘ইজ্জতের খাতিরে হত্যা’র আদেশ দেয়। যদিও ভিকটিমদের পরিবার কোনো অভিযোগ করেনি, তবে রাষ্ট্র নিজেই বাদী হয়ে মামলা করেছে।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সর্ফরাজ বুগতি বলেন, “এই নৃশংস ঘটনার সাথে জড়িত সবাইকে শাস্তির আওতায় আনা হবে। রাষ্ট্র নিপীড়িতদের পাশে আছে।”

এছাড়া, পাকিস্তান উলামা কাউন্সিল এই হত্যাকে “ইসলামবিরোধী, শরিয়াবিরোধী ও সন্ত্রাসবাদ” হিসেবে চিহ্নিত করে দায়ীদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলা করার দাবি জানিয়েছে।