
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমাছড়া সীমান্ত এলাকা থেকে প্রায় দুই লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক।
জানা যায়, মঙ্গলবার সকালে ৪৮ বিজিবির উৎমা বিওপির একটি বিশেষ টহল দল আদর্শগ্রামে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ মজুদকৃত পাথর উদ্ধার হয়।
বিজিবির ভাষ্য অনুযায়ী, উৎমাছড়া একটি প্রাকৃতিকভাবে বালু ও পাথরে সমৃদ্ধ পর্যটন কেন্দ্র। দীর্ঘদিন ধরে স্থানীয় একটি অসাধু চক্র এখান থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে পাচারের উদ্দেশ্যে আদর্শপাড়া গ্রামের বিভিন্ন স্থানে মজুদ করছিল। তবে সীমান্ত এলাকায় বিজিবির কঠোর নজরদারি, দুর্বল যোগাযোগ ব্যবস্থা এবং চক্রগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এসব পাথর দেশের অন্যান্য অঞ্চলে পাচার করা সম্ভব হয়নি।
বিজিবি প্রাথমিকভাবে উদ্ধারকৃত পাথরের পরিমাণ প্রায় দুই লাখ ঘনফুট বলে ধারণা করছে। পরবর্তীতে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরীর নেতৃত্বে স্থানীয় প্রশাসন, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে পাথরের সঠিক পরিমাপ এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের কাজ চলছে।