
ভিপি পদে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খানকে এবং জিএস পদে কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর বারী হামিমকে মনোনয়ন দিয়েছে সংগঠনটি।
এছাড়া এজিএস পদে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর আল হাদী মায়েদকে মনোনয়ন দেওয়া হয়েছে।
বুধবার (২০ আগস্ট) দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব আনুষ্ঠানিকভাবে এ প্যানেল ঘোষণা করেন।
তিনি জানান, মোট ২৮টি পদের মধ্যে ২৭ পদে প্রার্থী দিয়েছে ছাত্রদল। তবে প্রকাশনা ও গবেষণা সম্পাদক পদে প্রার্থী না দিয়ে জুলাই আন্দোলনে আহত সানজিদা আহমেদ তন্বীকে সমর্থন জানানো হবে।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই তরুণ ও জনপ্রিয় নেতাদের মনোনয়ন দেওয়া হয়েছে। এখানে কোনো ধরনের হস্তক্ষেপ নেই।’
এসময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির অভিযোগ করেন, ‘নির্যাতনে জড়িত ছাত্রলীগের সন্ত্রাসী এবং নিপীড়ক শিক্ষকদের বিচার না করেই ডাকসু নির্বাচন হচ্ছে। দ্রুতই তাদের বিচারের আওতায় আনতে হবে।’