হাসিনাকে আজীবন সদস্য করতে চাওয়া ইমিই এখন বামজোটের ভিপি প্রার্থী

image 59

২০১৯ সালের ডাকসু নির্বাচনে শামসুন্নাহার হলের ভিপি নির্বাচিত হয়েছিলেন শেখ তাসনিম আফরোজ ইমি। সে সময় তিনি স্বতন্ত্র প্যানেল থেকে জয়ী হয়েছিলেন। এবার তিনি বাম গণতান্ত্রিক ছাত্র জোটের হয়ে ডাকসুর ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সম্প্রতি তাঁর একটি পুরনো বিতর্কিত মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে। ২০১৯ সালে নির্বাচিত হওয়ার পর এক টক শোতে ইমি বলেছিলেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করা উচিত। ওই প্রস্তাবকে কেন্দ্র করে তৎকালীন ভিপি নুরুল হক নুরসহ অন্যান্য সদস্যদের মধ্যে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। এরপর ৩০ মে ডাকসুর দ্বিতীয় কার্যনির্বাহী সভায় শেখ হাসিনাকে আজীবন সদস্য ঘোষণা করা হলেও সব সদস্যের সমর্থন ছিল না।

এ নিয়ে ইমি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি লিখেছেন, ২০১৯ সালের মন্তব্যের খণ্ডিত অংশ ছড়ানো হচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে তাঁর অবস্থান সম্পূর্ণ ভিন্ন। তিনি জানিয়েছেন, এখন তিনি নিরপরাধ মানুষ হত্যা ও ছাত্র খুনের নির্দেশদাতাদের সর্বোচ্চ বিচারের পক্ষে অবস্থান করছেন।