
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটে দেওয়া এক স্ট্যাটাসে তিনি প্রশ্ন তোলেন—“ওসমান হাদির হত্যার বিচার কি আদৌ হবে?”
ফেসবুক পোস্টে সম্পা লেখেন, “ওসমান হাদির হত্যার বিচার কি আদৌ হবে! ইনকিলাব মঞ্চ কোনো কর্মসূচির ডাক কেন দিচ্ছে না!” তিনি জোর দিয়ে বলেন, বিচার না হওয়ার কথা মাথায় আনা যায় না এবং যেকোনো মূল্যে এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। তার ভাষায়, বিচার না হলে ওসমান হাদির মতো বিপ্লবী ও সাহসী মানুষরা এ দেশে আর জন্মাবে না।
বিচার প্রক্রিয়ায় বিলম্ব নিয়ে প্রশ্ন তুলে তিনি লেখেন, কেন এত সময় লাগছে তা সবাই জানে। এ প্রসঙ্গে তিনি ওসমান হাদির একটি বক্তব্যের অংশ তুলে ধরেন, যেখানে তিনি বলেছিলেন—“আমাদের লড়াই অনেক দীর্ঘ। মুমিনের জীবন মানেই লড়াই ও সংগ্রাম। তাই সংগ্রাম চালিয়ে যেতে হবে।”
পোস্টে ইনকিলাব মঞ্চ নিয়ে শহীদ ওসমান হাদির অনুভূতির কথাও তুলে ধরেন সম্পা। তিনি লেখেন, ওসমান হাদি বলতেন—“আমার প্রথম সন্তান ইনকিলাব মঞ্চ, দ্বিতীয় সন্তান ফিরনাস। ইনকিলাব মঞ্চের কর্মীরা নিঃস্বার্থভাবে কাজ করে, তাদের বেতন নেই, খাবারও ঠিকমতো জোটে না। তাদের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব আমার।”
তিনি আরও লেখেন, যারা ওসমান হাদিকে ভালোবাসেন, তার বক্তব্য শুনে আবেগাপ্লুত হন, তাদের উচিত ইনকিলাব মঞ্চের সেই ভাই-বোনদের অবস্থার কথাও ভাবা, যারা তাকে ছায়ার মতো পেয়েছিল এবং এখন গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।
পোস্টের শেষাংশে ওসমান হাদির একটি উক্তি উল্লেখ করে সম্পা লেখেন—
“দাসত্বই যে জমিনের নিশ্চল নিয়তি, লড়াই-ই সেখানে সর্বোত্তম ইবাদত।”