
ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার পরিচালক নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। একই সঙ্গে বোর্ড ক্রিকেটারদের বিপিএল খেলা চালিয়ে যাওয়ার আহ্বানও জানিয়েছে।
সাম্প্রতিক সময়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ভারতীয় দালাল আখ্যায়িত করেছিলেন নাজমুল ইসলাম। এরপর বুধবার (১৪ জানুয়ারি) তিনি আবারও ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার জন্ম দেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নাজমুল ইসলাম বলেন, বাংলাদেশ বিশ্বকাপে খেলতে আগ্রহী, তবে তার জন্য আদর্শ পরিবেশ প্রয়োজন। প্রশ্ন করা হলে, যদি বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ না করে, খেলোয়াড়দের ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা, তিনি খেলোয়াড়দের বিরুদ্ধে তির্যক মন্তব্য করেন।
নাজমুল ইসলাম বলেন, “এই প্রশ্ন তুলতেই পারবে না। আমরা ওদের পেছনে এত খরচ করেছি, বিভিন্ন জায়গায় গিয়েও তারা কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত আমরা কোনো বিশ্ব শিরোপা এনেছি কি? আমরা প্রতিবার বলতে পারি, তোমরা খেলতে পারো নাই, তাই তোমাদের পেছনের খরচ ফেরত দিতে হবে।”
নাজমুলের এসব মন্তব্য গ্রহণযোগ্য নয় বলে মনে করেন ক্রিকেটারদের সংগঠন কোয়াব। কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন এক ভিডিও বার্তায় বলেন, “তিনি যেভাবে ক্রিকেটারদের নিয়ে মন্তব্য করেছেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যদি তিনি ম্যাচের আগে পদত্যাগ না করেন, আমরা সব ধরনের ক্রিকেট বয়কট করব।”
এদিকে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিসিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেয়। একই সঙ্গে খেলোয়াড়দের বিপিএল খেলা চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বিসিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে খেলোয়াড়রা বিপিএল এবং বোর্ডের অধীনে সকল ক্রিকেট কার্যক্রমের মূল অংশীদার ও প্রাণ। বোর্ড আন্তরিকভাবে আশা করে যে ক্রিকেটাররা টুর্নামেন্টের সফল সমাপ্তিতে সহায়তা করবে এবং বিপিএল ২০২৬-এর সুষ্ঠু ধারাবাহিকতা নিশ্চিত করতে তাদের পেশাদারিত্ব ও প্রতিশ্রুতি প্রদর্শন অব্যাহত রাখবে।”