অপারেশনের ৪ বছর পর পেটের ভিতরে কাঁচি: উল্লাপাড়া

image 37

অস্ত্রপচারের প্রায় সাড়ে চার বছর পর রোগীর পেট থেকে কাঁচি বের হওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে সিরাজগঞ্জে। অভিযোগ অনুসারে, উল্লাপাড়া পৌরশহরের শ্যামলীপাড়া এলাকার কেয়া হসপিটাল অ্যান্ড কনসালটেন্ট সেন্টারে ২০২১ সালে আল্পনা খাতুন সিজারের মাধ্যমে সন্তান জন্ম নেওয়ার পর ডাক্তাররা তার পেটে একটি কাঁচি রেখেই সেলাই করে দেন। এরপর দীর্ঘ চার বছর ধরে তিনি পেটে ব্যথা সহ নানা সমস্যার সম্মুখীন হন।

গত ১১ ডিসেম্বর এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা অপারেশনের মাধ্যমে কাঁচি বের করেন। রবিবার (৪ জানুয়ারি) ভুক্তভোগীর স্বামী আনোয়ার হোসেন সিরাজগঞ্জ সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

জানা গেছে, আল্পনা খাতুন ২০২১ সালের আগস্টে তার দ্বিতীয় সন্তান জন্ম দেন। সিজারের পর থেকেই শুরু হয় পেটে ব্যথা, যা সময়ের সাথে বাড়তে থাকে। স্থানীয় ডাক্তারদের চিকিৎসায় কখনও ব্যথা কমে, কখনও বাড়ে। অবশেষে মারাত্মক ব্যথার কারণে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়, এরপর এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। এক্সরে ও অন্যান্য পরীক্ষা শেষে চিকিৎসকরা নিশ্চিত হন যে পেটের ভিতরে কাঁচি রয়েছে।

মাটিকোঁড়া গ্রামের বনফুল জানান, তিনি রোগীর মা-দাই হওয়ায় আল্পনা খাতুনকে কেয়া হাসপাতালে ভর্তি করান। সেখানে সিজারের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার পরই কাঁচি রেখে সেলাই করা হয়।

কেয়া হসপিটাল অ্যান্ড কনসালটেন্ট সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল ইসলাম জানান, ৫ বছর আগের রোগীর কোনো রেকর্ড তাদের কাছে নেই। সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন বলেন, অভিযোগ হাতে আসলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।