
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৯০ শতাংশই অকৃতকার্য হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফল ও সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার (৪ জানুয়ারি) রাত ১০টার পর আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর নিশ্চিত করেছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শিক্ষার্থীরা ঢাবির ওয়েবসাইটে লগইন করে অথবা প্রবেশপত্রে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী এসএমএসের মাধ্যমে নিজেদের ফল জানতে পারবেন। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবারের পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে মাত্র ১০ শতাংশ ন্যূনতম পাস নম্বর অর্জন করতে পেরেছেন।
পরিসংখ্যান অনুযায়ী, এ বছর ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন করেন ৩৪ হাজার ৬২ জন শিক্ষার্থী। ফলে প্রতিটি আসনের জন্য প্রতিযোগিতা করেছেন গড়ে ৩২ জন পরীক্ষার্থী। আসন বণ্টনের হিসাবে, মোট আসনের মধ্যে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য ৯৩০টি, বিজ্ঞান শাখার জন্য ৯৫টি এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন নির্ধারিত রয়েছে।