মনোনয়ন বাতিল ও বৈধ ঘোষণার বিরুদ্ধে ইসিতে আপিল কার্যক্রম শুরু

image 35

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আজ রোববার (৫ জানুয়ারি) থেকে নির্বাচন কমিশনে (ইসি) আপিল দায়ের শুরু হয়েছে। আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত সংক্ষুব্ধ প্রার্থী, কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, কোনো সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান কিংবা প্রার্থী কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি ইসিতে আপিল করতে পারবেন।

আপিল গ্রহণের জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে একটি কেন্দ্র স্থাপন করা হয়েছে, যেখানে মোট ১০টি বুথ নির্ধারণ করা হয়েছে। অঞ্চলভিত্তিক এসব বুথে সংশ্লিষ্ট জেলার প্রার্থীরা আপিল আবেদন জমা দিতে পারবেন।

খুলনা অঞ্চলের (মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা) জন্য রয়েছে ১ নম্বর বুথ। রাজশাহী অঞ্চলের (জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা) প্রার্থীদের জন্য ২ নম্বর বুথ। রংপুর অঞ্চলের (পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা) জন্য ৩ নম্বর বুথ নির্ধারিত।

চট্টগ্রাম অঞ্চলের (চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান) প্রার্থীরা ৪ নম্বর বুথে, কুমিল্লা অঞ্চলের (ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর) প্রার্থীরা ৫ নম্বর বুথে আপিল করতে পারবেন। সিলেট অঞ্চলের (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ) জন্য রয়েছে ৬ নম্বর বুথ।

ঢাকা অঞ্চলের (টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ) প্রার্থীদের জন্য ৭ নম্বর বুথ, ময়মনসিংহ অঞ্চলের (জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা) জন্য ৮ নম্বর বুথ, বরিশাল অঞ্চলের (বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর) জন্য ৯ নম্বর বুথ এবং ফরিদপুর অঞ্চলের (রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর) জন্য ১০ নম্বর বুথ নির্ধারণ করা হয়েছে।

ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, মনোনয়নপত্র বাছাই শেষে সারা দেশে কতটি মনোনয়নপত্র বৈধ হয়েছে এবং কতটি বাতিল হয়েছে, তা রাতে প্রকাশ করা হবে।

ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ থেকে ৯ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে নির্বাচন কমিশনে আপিল দায়ের করা যাবে।

আপিল করতে হলে নির্ধারিত ফরমেটে কমিশন সচিবালয়ের সচিবের কাছে আবেদন দাখিল করতে হবে। আবেদনের সঙ্গে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের তারিখ, আপিলের কারণ উল্লেখ করে বিবৃতি এবং সংশ্লিষ্ট আদেশের সত্যায়িত কপি জমা দিতে হবে। এক কপি মূলসহ মোট সাতটি কপি দাখিল করতে হবে এবং নির্ধারিত অঞ্চলের বুথে আবেদন জমা দিতে হবে।

আপিলের রায়ের কপি পেতে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে, যা ইসির কেন্দ্রীয় বুথ থেকে সংগ্রহ করা যাবে। আপিলকারী বা তাঁর মনোনীত প্রতিনিধি রায়ের কপি সংগ্রহ করতে পারবেন।

ইসি জানায়, দাখিলকৃত আপিলসমূহ আগামী ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করা হবে। একই সঙ্গে সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও প্রার্থীদের ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ কঠোরভাবে অনুসরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।