সিলেট নগরী ও আশপাশের এলাকায় একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতক উপজেলা এলাকায়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব প্রায় ১৮৫ কিলোমিটার।
ভূমিকম্পের সময় নগরীর বিভিন্ন স্থানে কয়েক সেকেন্ডের জন্য দুলুনি অনুভূত হলে আতঙ্কে অনেকে দ্রুত ঘরবাড়ি ও অফিস থেকে বাইরে বেরিয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ভূমিকম্প বিশেষজ্ঞরা জানান, রিখটার স্কেলে ৪ মাত্রার ভূমিকম্পকে তুলনামূলকভাবে হালকা হিসেবে ধরা হয়। এতে সাধারণত বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে না, তবে আতঙ্ক সৃষ্টি হতে পারে এবং ঝুঁকিপূর্ণ বা দুর্বল স্থাপনায় সামান্য ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।
