
ঢাকা-১২ আসনের ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেক রহমান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে তার দাখিল করা হলফনামা অনুযায়ী, তিনি এই আসনের ‘সবচেয়ে গরিব’ প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।
হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, রাজধানীর গুরুত্বপূর্ণ এই আসনে প্রার্থী হওয়ার পরও তার নিজের নামে কোনো বাড়ি, গাড়ি বা স্থাবর সম্পত্তি নেই, এমনকি হাতে নগদ টাকা নেই।
নির্বাচন কমিশনে জমা দেওয়া তথ্য অনুযায়ী, তারেক রহমানের মোট সম্পদের পরিমাণ ১০ লাখ ৫৯ হাজার ১৪৩ টাকা, আর বার্ষিক আয় মাত্র ৪ লাখ ৫০ হাজার টাকা। ব্যাংকে তার নামের ডাচ-বাংলা অ্যাকাউন্টে ৮,৮৫৫ টাকা আছে। এছাড়া কোনো স্বর্ণ, শেয়ারবাজার বিনিয়োগ, বিমা পলিসি বা ইলেকট্রনিক/আসবাবপত্র নেই।
সম্পত্তি সংক্রান্ত দিক বিবেচনায়, তার নামে কোনো কৃষি বা অকৃষি জমি, উত্তরাধিকার সূত্রে কোনো সম্পদ বা রাজউকের প্লট/ফ্ল্যাট নেই। ইতিবাচক দিক হলো, তার নামে কোনো ঋণ নেই। ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন অনুযায়ী, তিনি মোট ৫ হাজার টাকা আয়কর জমা দিয়েছেন।
ঢাকা-১২ আসনটি তেজগাঁও শিল্পাঞ্চল, কারওয়ান বাজার, হাতিরঝিল ও বিজয়নগর এলাকা নিয়ে গঠিত। রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এবং সমস্যা জর্জরিত এই আসন থেকে এবার তারেক রহমান আমজনতার হয়ে সংসদে প্রার্থী হচ্ছেন।