খালেদা জিয়ার আসনগুলোতে কারা বিএনপির প্রার্থী, জানালেন সালাহউদ্দিন

image 4

প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার তিনটি আসনে বিকল্প হিসেবে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তারা দলের প্রার্থী হবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সালাহউদ্দিন বলেন, খালেদা জিয়ার মনোনয়নপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল ঘোষণা করা হবে। তার তিনটি আসনে বিকল্প প্রার্থী রয়েছেন। যদি তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়, তারা দলের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। এটাই আইনের বিধান।

নির্বাচন স্থগিত বা বাতিলের বিষয়ে তিনি বলেন, আইনে এর কোনো সুযোগ নেই এবং নির্বাচন পেছানোরও কোনো বিধান নেই। সাধারণত মনোনয়ন বৈধতা ও প্রতীক বরাদ্দের পর এমন ঘটনা ঘটলে আইনগত জটিলতার কারণে নির্বাচন স্থগিত হতে পারত। কিন্তু বর্তমানে তা প্রযোজ্য নয়।

তিনি আরও বলেন, যেহেতু মনোনয়ন বৈধ ঘোষণার আগে খালেদা জিয়া আর নেই, তাই তার মনোনয়নপত্র বাতিল হবে। এই ক্ষেত্রে বিকল্প প্রার্থীদের মনোনয়ন বৈধ হলে তারা দলের প্রার্থী হবেন।

দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানসিক অবস্থা প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, “তারেক রহমান একজন রাজনৈতিক নেতা। তাকে শক্ত মনোবলের অধিকারী হতে হবে। যত শোকই থাকুক, জাতির স্বার্থে তাকে দৃঢ় থাকতে হবে।”

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে বিএনপির প্রার্থী হওয়ার কথা ছিল। তবে অসুস্থতার কারণে এসব আসনে বিকল্প প্রার্থী মনোনীত করা হয়েছিল। ফেনী-১ আসনে বিকল্প প্রার্থী ছিলেন রফিকুল আলম মজনু, বগুড়া-৭ আসনে মোরশেদ আলম এবং দিনাজপুর-৩ আসনে সৈয়দ জাহাঙ্গীর আলম। খালেদা জিয়ার মৃত্যুর পর এসব আসনে তারা দলের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।