
শুল্ক কমানোর পরিবর্তে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে বিটিআরসি ভবন ভাঙচুর করছেন মোবাইল ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকালে বিটিআরসি ভবনের সামনে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে বিক্ষোভকারীরা। বিকেল ৪টার দিকে এই হামলা শুরুর খবর পাওয়া যায়।
পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান জানান, “তারা আকস্মিকভাবে হামলা চালিয়েছে। ইটপাটকেল ছুঁড়ে মারছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি।”
হামলায় বিটিআরসির মসজিদের কাঁচ ভেঙে যায়। ওই সময় মসজিদে কর্মকর্তা-কর্মচারীরা নামাজ পড়ছিলেন। তবে কেউ আহত হয়েছেন কি না তা এখনও জানা যায়নি।
প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা বলেন, “হঠাৎ করে ভাঙচুর শুরু হয়েছে। রাস্তার দিকে কয়েকশ বিক্ষোভকারী অবস্থান নিয়ে ভবনে ইটপাটকেল নিক্ষেপ করছে। এতে ভবনের বিভিন্ন কাঁচ ভেঙে গেছে। ছুটি থাকার কারণে আমরা কেউ বের হতে পারছি না।”