লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফ আল-ইসলাম গাদ্দাফি নিহত
লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফ আল-ইসলাম গাদ্দাফি নিহত হয়েছেন। বিষয়টি গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আল-জাজিরার লিবিয়া প্রতিনিধি আহমেদ খলিফা নিশ্চিত করেছেন।
প্রতিবেদক জানিয়েছেন, লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে গাদ্দাফিকে গুলি করে হত্যা করা হয়েছে। ৫৩ বছর বয়সী সাইফের মৃত্যুর খবর তার রাজনৈতিক উপদেষ্টা আবদুল্লাহ ওসমানও নিশ্চিত করেছেন। তবে মৃত্যুর সঠিক পরিস্থিতি ও এর পেছনে কারা জড়িত তা এখনও স্পষ্ট নয়। লিবিয়ার কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
সাইফ আল-ইসলামের লিবিয়ায় কোনো সরকারি পদ ছিল না। তবে ২০০০ থেকে ২০১১ সালের মধ্যে তিনি তার বাবার পরে দেশটির দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচিত হতেন। ২০১১ সালে বিরোধীদের হাতে মুয়াম্মার মৃত্যু এবং ট্রিপোলি দখলের সময় সাইফ জিনতানে ধরা পড়ে। ২০১৭ সালে সাধারণ ক্ষমার আওতায় তাকে মুক্তি দেওয়া হয়।
বর্ণাঢ্য ও বিতর্কিত জীবন
সাইফ আল-ইসলাম পশ্চিমা শিক্ষিত ও সুবক্তা হিসেবে পরিচিত ছিলেন। তার বাবার কঠোর শাসনের সময় তিনি ‘প্রগতিশীল মুখ’ হিসেবে উপস্থাপিত হতেন। ২০০৮ সালে লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে পিএইচডি অর্জন করেছেন।
আরব বসন্তের সময় লিবিয়ায় সহিংসতা ছড়িয়ে পড়ার সময় তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। ২০১১ সালের গণঅভ্যুত্থানে তিনি ঘোষণা করেছিলেন, ‘আমরা লিবিয়াতেই লড়ব এবং এখানেই মরব,’ সতর্ক করে বলেছিলেন, দেশটি রক্তক্ষয়ী হবে।
তবে তার বিরুদ্ধে বাবার শাসনামলে বিরোধীদের ওপর নির্যাতন ও সহিংসতার অভিযোগ ছিল। ২০১১ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। দীর্ঘ আইনি টানাপোড়েনের পর লিবিয়ার আদালত অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে।
২০১৭ সালে মুক্তির পর প্রাণহানির আশঙ্কায় দীর্ঘ সময় জিনতানে আত্মগোপনে ছিলেন।
তথ্যসূত্র: আল-জাজিরা
