স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব, শেষ পরিণতি মৃত্যু

image 414

ময়মনসিংহে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত শ্বশুরবাড়ির লোকজন

ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবককে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যার পর সরকারি পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিবলু মিয়া (২০) স্থানীয় হেলাল উদ্দিনের ছেলে।

পরিবারের বরাতে জানা যায়, বছর খানেক আগে ঘাগড়া ইউনিয়নের সুহেলী গ্রামের সাইদ মিয়ার মেয়ে মিমের সঙ্গে শিবলুর বিয়ে হয়। বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ লেগেই থাকত। সম্প্রতি এক ঝগড়ার পর মিম বাবার বাড়ি চলে যান। গত বুধবার (১৫ অক্টোবর) স্ত্রীকে আনতে গেলে শিবলুকে শ্বশুরবাড়ির লোকজন আটকে রাখেন। খবর পেয়ে তার বাবা-মা গিয়ে তাকে উদ্ধার করে বাড়ি ফিরিয়ে আনেন।

ঘটনার পর শুক্রবার একটি সালিশি বৈঠকের কথা থাকলেও শ্বশুরবাড়ির পক্ষের কেউ না আসায় তা অনুষ্ঠিত হয়নি। সন্ধ্যার কিছুক্ষণ পর দাপুনিয়া বাজারে চা পান করছিলেন শিবলু। এ সময় দুটি মোটরসাইকেলে ৩–৪ জন যুবক এসে তাকে ডেকে বাইরে নিয়ে যায়। কিছুক্ষণ পর তারা শিবলুকে নির্জন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা আকি মিয়া অভিযোগ করেন, “এ হত্যাকাণ্ডে শিবলুর শ্বশুরবাড়ির লোকজন জড়িত। আগে থেকেই তারা তাকে হুমকি দিচ্ছিল।”

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, “ঘটনার পেছনে পারিবারিক বিরোধ, বিশেষ করে স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়া এবং সালিশি বৈঠক না হওয়াকে কেন্দ্র করেই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।”
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।