দেশের ভেতরে পোস্টাল ব্যালট পাঠানো শুরু

image 215

পোস্টাল ব্যালট পাঠানো শুরু, আজ থেকে আগাম ভোট দিচ্ছেন সরকারি কর্মীরা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন, তাদের ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৬ জানুয়ারি) থেকেই এসব ব্যালট পাঠানো হচ্ছে।

নির্বাচনের দিন যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করবেন, তারা আগেই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।

সোমবার সকালে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান। কূটনীতিকদের সঙ্গে বৈঠকের পর তিনি বিভিন্ন বিষয় তুলে ধরেন।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফল একসঙ্গে ঘোষণা করা হবে। এ কারণে ফলাফল প্রকাশে কিছুটা সময় লাগতে পারে।

আচরণবিধি লঙ্ঘনে ইসির দৃশ্যমান পদক্ষেপ নেই—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড বিদ্যমান বলেই প্রার্থীরা প্রচার-প্রচারণা চালাতে পারছেন। আচরণবিধি ভঙ্গ হলে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি বা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে সরাসরি অভিযোগ জানাতে হবে। ইসিতে অভিযোগ করলে প্রক্রিয়াগত কারণে সময় বেশি লাগতে পারে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বিদেশে অবস্থানরত প্রবাসীরা আচরণবিধি ভঙ্গ করলে তার দায় সংশ্লিষ্ট ব্যক্তির ওপরই বর্তাবে। প্রধান নির্বাচন কমিশনার বা সিইসির আদালত অবমাননার বিষয়ে আদালতের কোনো নির্দেশনা এখনো ইসি পায়নি বলেও জানান সচিব।

এর আগে ইসি জানিয়েছে, ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর পৌঁছানো ব্যালট গণনায় অন্তর্ভুক্ত করা হবে না। অভ্যন্তরীণ পোস্টাল ব্যালটে প্রতীকের পাশাপাশি প্রার্থীর নামও উল্লেখ থাকবে।

ইসি সূত্র জানায়, দেশে ও দেশের বাইরে মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রায় অর্ধেক ভোটার দেশের ভেতরে অবস্থান করছেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।