
নির্বাচন উপলক্ষে হাসপাতালগুলোকে ১০ জরুরি নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালের জন্য ১০টি জরুরি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নির্বাচনকালীন সময়ে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে বিশেষ সতর্কতা ও প্রস্তুতি বজায় রাখতে হবে। রোববার (২৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান এ নির্দেশনা জারি করেন।
নির্বাচনকালীন সময়ে প্রতিটি সিটি করপোরেশনে ৬টি, বিভাগে ৪টি, জেলায় ৩টি, উপজেলায় ২টি এবং ইউনিয়ন পর্যায়ে ১টি করে মেডিক্যাল টিম গঠন করতে হবে। জনবলের প্রাপ্যতা ও প্রয়োজন অনুযায়ী মেডিক্যাল টিমের সদস্য নির্ধারণ করবেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান বা স্বাস্থ্য প্রশাসক।
নির্দেশনায় আরও বলা হয়েছে, জরুরি বিভাগে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল নিয়োগ দিতে হবে এবং সার্বক্ষণিক অ্যাম্বুল্যান্স প্রস্তুত রাখতে হবে। একই সঙ্গে হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রধানদের কর্মস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক করা হয়েছে। কোনো কারণে প্রতিষ্ঠান প্রধান ছুটিতে থাকলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম, পদবি ও মোবাইল নম্বর স্বাস্থ্য অধিদপ্তরকে জানাতে হবে।
বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতেও নির্বাচনকালীন সময়ে চিকিৎসকের সার্বক্ষণিক উপস্থিতিতে জরুরি বিভাগ চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রোগী রেফার্ডের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও যথাযথ কাউন্সেলিং নিশ্চিত করতে বলা হয়েছে।
এছাড়া জরুরি পরিস্থিতিতে স্থানীয় সরকারি স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সেবা প্রদান করতে হবে। জরুরি বিভাগ, অন্তঃবিভাগ, ল্যাব, ক্যাথল্যাব, ডায়ালাইসিস সেন্টার, সিটি স্ক্যান ও এমআরআই সেন্টার নিয়মিতভাবে খোলা রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
এদিকে, বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় ও সিভিল সার্জন কার্যালয়ে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম চালু রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।