
ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সর্বমিত্র চাকমা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কার্যনির্বাহী কমিটির সদস্য সর্বমিত্র চাকমা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে শারীরিক শিক্ষাকেন্দ্রে সম্প্রতি কান ধরে ওঠবসের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তিনি।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ২টা ৪৪ মিনিটে নিজের ফেসবুক পোস্টে সর্বমিত্র লিখেছেন, তিনি ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগ করছেন। এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত, কোনো রকম ক্ষোভ বা অভিমান থেকে নয়। তিনি বলেন, শিক্ষার্থীরা যে প্রত্যাশা নিয়ে তাকে প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছিলেন, সেই প্রত্যাশা তিনি পূরণ করতে পারেননি। প্রশাসনের অসহযোগিতা ও ব্যর্থতার দায়ও মাথায় রেখে পদত্যাগ করেছেন।
শারীরিক শিক্ষাকেন্দ্রে ঘটনার প্রসঙ্গে সর্বমিত্র বলেন, “মাঠটি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। দীর্ঘদিন ধরে বহিরাগতদের অবাধ প্রবেশ একটি গুরুতর নিরাপত্তা সংকটে রূপ নিয়েছে। নারীর প্রতি হেনস্থা, মোবাইল ও মানিব্যাগ চুরি, সাইকেল চুরি— এসব ঘটনা শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা উভয়কেই হুমকির মুখে ফেলেছে।”
তিনি অভিযোগ করেন, “শিক্ষার্থীরা বারবার প্রশাসনকে অবহিত করেছে, কিন্তু কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সিসি ক্যামেরা বসানো হয়নি, নিরাপত্তা জোরদার হয়নি এবং বহিরাগতদের প্রবেশ রোধের পদক্ষেপও গ্রহণ করা হয়নি। প্রশাসনের দীর্ঘস্থায়ী নীরবতা পরিস্থিতিকে আরও জটিল করেছে।”
সর্বমিত্র আরও উল্লেখ করেন, “বহিরাগতরা নিয়মিত ঢাকা মেডিকেল কলেজের বিপরীত পাশে দেয়াল টপকে প্রবেশ করছে। নিষেধ করলেও তারা তা অগ্রাহ্য করছে এবং উল্টো স্টাফদের লক্ষ্য করে ঢিল ছুঁড়ে পালাচ্ছে। শিক্ষার্থীদের অভিযোগ সত্ত্বেও কার্যকর সমাধান না আসায় ক্ষোভ ও আতঙ্ক ক্রমেই বাড়ছে।”
শেষে তিনি ক্ষমা প্রার্থনা করে বলেন, “প্রশাসনিক ব্যর্থতা ও নিরাপত্তাহীনতার মধ্যে পরিস্থিতি সামলাতে গিয়ে আমি তাদের কান ধরে ওঠবস করাতে বাধ্য হই। এটি আমার প্রত্যাশিত বা কাম্য আচরণ ছিল না। আমি নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করছি।”