
দুর্নীতির অনুসন্ধান: বিএনপির ১৬ প্রার্থীর সম্পদ খতিয়ে দেখছে দুদক, এনসিপি–জামায়াতের কেউ নেই তালিকায়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ১৬ জন প্রার্থীর সম্পদের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে এ মুহূর্তে ওই প্রার্থীদের নাম প্রকাশে অনাগ্রহী সংস্থাটি। দুদক সূত্র জানিয়েছে, সংশ্লিষ্ট প্রার্থীদের সম্পদের উৎসের বৈধতা যাচাই করা হচ্ছে।
দুদক সূত্র আরও জানায়, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো প্রার্থীর বিরুদ্ধে বর্তমানে কোনো অনুসন্ধান চলছে না।
সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এক সংবাদ সম্মেলনে জানায়, ত্রয়োদশ সংসদ নির্বাচনে মোট ৮৯১ জন প্রার্থী কোটিপতি। এদের মধ্যে ২৭ জন শতকোটি টাকার মালিক। টিআইবির তথ্য অনুযায়ী, এই ২৭ জনের মধ্যে ১৬ জন বিএনপির প্রার্থী এবং বাকি ৯ জন স্বতন্ত্র হলেও সবাই বিএনপির নেতা। তবে টিআইবি এদের কারও নাম প্রকাশ করেনি।
দুদক সূত্রে জানা গেছে, টিআইবির প্রকাশিত তথ্যের ভিত্তিতেই সংস্থাটি প্রাথমিকভাবে অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে। তবে তদন্তের স্বার্থে এখনই কারও নাম প্রকাশ করা হচ্ছে না।
এ বিষয়ে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, “আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কাজ করে থাকি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই বিষয়টি তদন্তের আওতায় আনা হবে।”
এদিকে, নিজেকে ব্যবসায়ী পরিচয় দেওয়া এনসিপির প্রার্থী সারজিস আলমের হলফনামা ও আয়কর নথিতে তথ্যবিভ্রাট নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলেও এ বিষয়ে কোনো অনুসন্ধান শুরু করেনি দুদক।
এ প্রসঙ্গে দুদকের মহাপরিচালক বলেন, “আমাদের কাছে যদি সুনির্দিষ্ট অভিযোগ আসে, কেউ উপস্থাপন করে বা কোনো মাধ্যমে আমাদের কাছে পৌঁছায়, তাহলে কমিশন আইন ও বিধি অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখবে।”