শীতের মধ্যেই দেশের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে

image 217

শীতের মধ্যেই দেশের কিছু এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস

শীতকাল চলমান থাকলেও দেশের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৬ জানুয়ারি) সকালে আবহাওয়াবিদ আফরোজা সুলতানার স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিনে আবহাওয়ার বড় কোনো পরিবর্তন না হলেও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, আগামী বুধবার (২৮ জানুয়ারি) রংপুর বিভাগের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময় সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

তাপমাত্রা সম্পর্কে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে মঙ্গলবার সকাল ৯টার পরবর্তী ২৪ ঘণ্টায় রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বুধ ও বৃহস্পতিবার রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদরা জানান, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।