রমজানে ওমরাহ করতে ইচ্ছুক? জেনে নিন সতর্কতা

image 149

পবিত্র রমজানকে সামনে রেখে বিদেশিদের দ্রুত ওমরাহ বুকিং দেওয়ার পরামর্শ দিচ্ছেন ভ্রমণসেবা সংশ্লিষ্টরা। সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠানগুলো সতর্ক করেছেন, দেরি করলে ওমরাহ প্যাকেজের খরচ দ্বিগুণ বা তিনগুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। বিশেষ করে রমজান মাসে মক্কা ও মদিনায় লাখ লাখ মুসল্লির আগমনের কারণে পরিবহন ও আবাসনের খরচ উল্লেখযোগ্যভাবে বাড়ে।

ওমরাহ অপারেটরদের তথ্য অনুযায়ী, বর্তমানে বাসে ওমরাহ প্যাকেজের খরচ প্রায় ১,২০০ দিরহাম হলেও কয়েক দিনের মধ্যে তা ১,৪০০ দিরহামে পৌঁছাতে পারে। রমজান যত ঘনিয়ে আসবে, এই খরচ দুই হাজার দিরহামেরও বেশি হতে পারে। অনেক যাত্রী শেষ মুহূর্তে সস্তা প্যাকেজের আশায় বুকিং পিছিয়ে দেন, কিন্তু রমজানের ব্যস্ত সময়ে আসন ও হোটেল সীমিত হওয়ায় দাম আরও বেড়ে যায়।

আকাশপথে ওমরাহর খরচ আরও বেশি। বর্তমানে বিমানযাত্রাসহ প্যাকেজ শুরু হচ্ছে প্রায় ৩,৫০০ দিরহাম থেকে, কিন্তু রমজান শুরু হলে দাম ৫,২০০ থেকে ৮,০০০ দিরহাম পর্যন্ত পৌঁছাতে পারে। বিশেষ করে রমজানের শেষ দশকে খরচ সবচেয়ে বেশি থাকে। বিশ্লেষণে দেখা গেছে, বিমান টিকিটের দাম তুলনামূলক স্থিতিশীল থাকলেও হোটেল ভাড়া মূল খরচ বৃদ্ধির কারণ। মসজিদুল হারাম থেকে হাঁটা দূরত্বের হোটেলগুলোর ভাড়া রমজানে দ্বিগুণ এবং শেষ দশকে তিনগুণ পর্যন্ত বেড়ে যায়।

ওমরাহ ভিসার সময়সীমাও গুরুত্বপূর্ণ। আগামী ১৭ মার্চের পর ওমরাহ ভিসা আবেদন বন্ধ হবে এবং ২ এপ্রিলের মধ্যে সৌদি আরবে প্রবেশ করতে হবে। ১৮ এপ্রিলের মধ্যে দেশে ফেরত আসার বাধ্যবাধকতাও রয়েছে। তাই খরচ ও সময় দুটো মাথায় রেখে আগেভাগে পরিকল্পনা করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

সূত্র: খালিজ টাইমস