বিয়ে করলেই ১৬ লাখ টাকা, সন্তানের জন্মে দ্বিগুণ হবে

image 150

সংযুক্ত আরব আমিরাতের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিবারের গঠনকে উৎসাহিত করতে কর্মীদের ৫০ হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা) অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে।

দুবাইয়ের ধনকুবের ও আল হাবতুর গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খালাফ আল হাবতুর জানিয়েছেন, আল হাবতুর গ্রুপে কর্মরত যেকোনো আমিরাতি যুবক বা তরুণী বিবাহ করলে এই অনুদান পাবেন। এছাড়া, বিয়ের পরবর্তী দুই বছরের মধ্যে সন্তান জন্ম দিলে এই অনুদান দ্বিগুণ হবে।

একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তিনি বলেন, “বিবাহ ও পরিবার গড়ে তোলা শুধুমাত্র ব্যক্তিগত বিষয় নয়, এটি সামাজিক ও জাতীয় দায়িত্ব। এটি জাতি গড়ে তোলার পাশাপাশি কমিউনিটিকে টিকিয়ে রাখে। আমাদের সরকারও যুবসমাজকে পারিবারিক জীবন শুরু করার জন্য সহায়তা করছে, তবে নাগরিকদের পক্ষ থেকেও বাস্তব উদ্যোগ নেওয়া প্রয়োজন।”

উল্লেখ্য, ২০২৫ সালে সংযুক্ত আরব আমিরাতের জনসংখ্যা প্রায় ১ কোটি ১৫ লাখ, যার মধ্যে স্থানীয় নাগরিকের হার প্রায় ১৫ শতাংশ। দেশটির ফেডারেল ও স্থানীয় সরকার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নাগরিকদের আর্থিক সহায়তা ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে।

সূত্র: খালিজ টাইমস