
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে পর্তুগাল। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগামী রোববার (২১ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, আসন্ন জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলনের আগেই এই স্বীকৃতির ঘোষণা কার্যকর হবে।
পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র্যাঙ্গেল চলতি সপ্তাহে যুক্তরাজ্য সফরের সময় ইঙ্গিত দিয়েছিলেন, লিসবন সরকার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
এর আগে গত বছরের মে মাসে প্রতিবেশী স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। সেই সময় স্পেন অন্যান্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সদস্য রাষ্ট্রগুলোকে একই পদক্ষেপ নিতে আহ্বান জানালেও পর্তুগাল তখন সতর্ক অবস্থান নেয়।
বর্তমানে ইইউ’র ২৭ সদস্য দেশের মধ্যে মাত্র কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে রয়েছে কিছু সাবেক কমিউনিস্ট রাষ্ট্র, সুইডেন ও সাইপ্রাস।
আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা রয়েছে আরও কয়েকটি দেশের। এর মধ্যে রয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, বেলজিয়াম ও লুক্সেমবার্গ।