এই সরকার বৈধ, তবে ১০৬ অনুচ্ছেদের কারণে নয় : শিশির মনির

image 124 edited

সংবিধান ও ফৌজদারি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, অন্তবর্তী সরকারের বৈধতার উৎস সংবিধানের ১০৬ অনুচ্ছেদ নয়, বরং জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ। তিনি বলেন, “জনগণের ইচ্ছাই বৈধতার একমাত্র ভিত্তি। এটি বুঝতে না পারলে ভুল করবেন, একদিন অনুশোচনা করতে হবে। আশা করি, সবাই অহংকার থেকে বের হয়ে আসবেন।” শনিবার (২০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “এই সরকার অবশ্যই বৈধ। তবে ১০৬ অনুচ্ছেদের কারণে নয়, জনগণের ইচ্ছার কারণেই বৈধ। সংবিধানের ৭ অনুচ্ছেদ অনুযায়ী এর বৈধতা প্রতিষ্ঠিত।”

প্রসঙ্গত, গত বছরের ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. ইউনূসের নেতৃত্বে অন্তবর্তী সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত নেওয়া হয়। আপিল বিভাগ তখন সংবিধানের ১০৬ অনুচ্ছেদের আলোকে অন্তবর্তী সরকার গঠনের পক্ষে অভিমত দেয়।

আইন বিশেষজ্ঞদের একটি অংশ মনে করেন, এই মতামতের মাধ্যমে অন্তবর্তী সরকার সাংবিধানিক বৈধতা পেয়েছে। তবে শিশির মনিরের মতে, এই সরকার মূলত একটি গণঅভ্যুত্থানের ফসল। তাই বিশেষ সাংবিধানিক আদেশ জারি করে এ গণঅভ্যুত্থানকে আইনগত স্বীকৃতি দিতে হবে।