
অবৈধভাবে ভারতে প্রবেশ করে বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর ১৮ বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তের ১৪৭ নম্বর আন্তর্জাতিক মেইন পিলারের কাছে এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।
ফেরত আসা ব্যক্তিরা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। তারা অবৈধভাবে ভারতে প্রবেশের পর আটক হন এবং বিভিন্ন সময়ের সাজা শেষে দেশে ফিরলেন।
কুষ্টিয়া বিজিবি-৪৭ ব্যাটালিয়নের অধীন কাজিপুর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার শাহাব উদ্দিন জানান, বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ১৮ জনকে বিজিবির হাতে তুলে দিয়েছে। বর্তমানে তাদের পরিচয় যাচাই-বাছাই চলছে। যাচাই শেষে তাদের গাংনী থানায় হস্তান্তর করা হবে।
পতাকা বৈঠকে ভারতের গান্দিনা বিএসএফ ক্যাম্পের এসি সুনিল কুমার যাদবসহ দুই বাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।