
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে। রোববার সকালে হাদির পরিবার ও বিভিন্ন সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছেন। তবে নিকট ভবিষ্যতে, সম্ভবত ৭২ ঘণ্টার মধ্যে, তাকে কাছের কোনো দেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এ ক্ষেত্রে সিঙ্গাপুরকে সম্ভাব্য গন্তব্য হিসেবে উল্লেখ করা হচ্ছে।
ওসমান হাদির গুরুতর অসুস্থতার কারণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আশ্বাস দিয়েছেন যে, চিকিৎসার প্রয়োজনে তাকে বিদেশে পাঠানো হবে। তার পরিবার ও ‘ইনকিলাব মঞ্চ’ সরকারের সঙ্গে যোগাযোগ করেছে, এবং সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি থাকা হাদি এখনও সম্পূর্ণভাবে শঙ্কামুক্ত নন। শনিবার রাত ১১টায় এভারকেয়ার হাসপাতালের সামনে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের জানান, গুলিবিদ্ধ হাদির অবস্থা কিছুটা উন্নতি হলেও তিনি এখনো শঙ্কামুক্ত নন।
চিকিৎসাধীন হাদির শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পর, শুক্রবার রাতের গণমাধ্যম ব্রিফিংয়ে ঢাকা মেডিকেলের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল আহাদ জানান, হাদির অঙ্গপ্রত্যঙ্গ মোটামুটি স্বাভাবিকভাবে কাজ করছে এবং ভবিষ্যতে হয়তো আর কোনো অপারেশনের প্রয়োজন হবে না।