হাদির মতো ঘটনা আরও ঘটতে পারে, আশঙ্কা মির্জা ফখরুল

image 145

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ যখন নতুন এক অধ্যায়ের দিকে এগোচ্ছে এবং মানুষ স্বপ্ন দেখছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবে, ঠিক সেই সময়ে দেশের শত্রুরা আবারও হত্যাকাণ্ডে লিপ্ত হচ্ছে। গত পরশু যে ঘটনা ঘটেছে—ওসমান হাদির ওপর হামলা—তার তীব্র নিন্দা জানিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, এ ধরনের আরও ঘটনা ঘটতে পারে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে তিনি মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী যখন পরাজিত হওয়ার মুখে, তখন তারা মুক্তিবাহিনীর চারপাশ ঘিরে বুদ্ধিজীবীদের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, গবেষক, কবি সাহিত্যিক ও সাংবাদিকসহ দেশকে মেধাহীন করার জন্য পরিকল্পিত হত্যা চালায়। সেই হত্যাকাণ্ডের স্মৃতি আজও আমাদের মনে রয়ে গেছে। তিনি বলেন, এ ধরনের হত্যাকাণ্ডের লক্ষ্য বাংলাদেশকে সম্পূর্ণভাবে মেধাহীন করা। ২০২৪ সালে আমাদের সন্তানদের উপর গণহত্যা হয়েছে—এমন ইতিহাস আমরা মনে রাখি।

ফখরুল আরও বলেন, দেশের মানুষ যখন নতুন এক সূর্য দেখছে এবং গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে অগ্রগতি আশা করছে, ঠিক তখনই শত্রুরা আবারও হত্যাকাণ্ডে লিপ্ত হচ্ছে। তিনি জানান, বিএনপির পক্ষ থেকে অসুস্থ নেত্রী ও দেশনেত্রী খালেদা জিয়ার সঙ্গে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তারা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসে শ্রদ্ধা জানিয়েছে এবং শপথ নিয়েছে, যে কোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতা, স্বর্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে রক্ষা করবে।

তিনি স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য প্রাণদানকারী সকলের প্রতি শ্রদ্ধা জানান এবং প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের জন্য অবদানকে সম্মান জানান।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা এবং ঢাকা মহানগর ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।