মনোনয়ন না পেয়ে বিএনপি নেতার ইসলামী আন্দোলনে যোগ

image 143

জামালপুরের বকশীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার বিএনপির মনোনয়ন না পেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন। শনিবার বিকেলে নিজ অনুসারী বিএনপির নেতাকর্মীদের নিয়ে তিনি বরিশালে যান এবং চরমোনাই ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের হাতে দলীয় সদস্য ফরম জমা দিয়ে দলটিতে যোগদান করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মিডিয়া বিভাগের সদস্য এইচ এম সানাউল্লাহ জানান, তালুকদার বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জের কিছু বিএনপি নেতাকর্মীদের সঙ্গে বরিশালে চরমোনাই পীরের দরবারে যান। সেখানে আসরের নামাজ আদায় করার পর তিনি দলীয় ফরম পূরণ করেন এবং চরমোনাই পীর ও আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের হাতে হাত রেখে আনুষ্ঠানিকভাবে দলের সদস্য হন।

আব্দুর রউফ তালুকদার বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং চারবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত। তিনি জামালপুর-১ আসনে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন, তবে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। ইসলামী আন্দোলনে যোগ দেওয়ার পর তিনি এখন এই দলের হয়ে ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

তালুকদার বলেন, চরমোনাই পীরের আপসহীন নেতৃত্বের প্রতি আকৃষ্ট হয়ে তিনি নিজ অনুসারীদের সঙ্গে হাতে হাত রেখে দলটিতে যোগ দিয়েছেন। যদিও চরমোনাই পীরের দল থেকে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।