
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (১৪ ডিসেম্বর) সকালে তাকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়।
র্যাব জানায়, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আব্দুল হান্নান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তার বাবা মো. আবুল কাশেম ও মা মোসা. ফুরকোন। পেশায় তিনি একজন শ্রমিক।
সংস্থাটি আরও জানায়, ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে, যার নম্বর ৫৪-৬৩৭৫। এই মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যাচেষ্টার ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে র্যাব।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পর থেকে সারা দেশে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে।