
গতকাল রবিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দলের আমিরের সঙ্গে এক রাষ্ট্রদূতের বৈঠকের ছবি পোস্ট করে। সেই ছবিতেই সামনে আসে দলের আলোচিত নতুন লোগো, যা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। তবে আজ সোমবার নতুন পোস্ট করা ছবিতে আর সেই লোগো দেখা যায়নি।
আজ সকালে জামায়াতের আমিরের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জি। বৈঠকে দূতাবাসের কাউন্সিলর জিগড্রেল ওয়াই শেরিংও উপস্থিত ছিলেন। বৈঠকের ছবি দলটির পেজে প্রকাশ করা হলেও সেখানে নতুন লোগোর জায়গা ফাঁকা দেখা গেছে। শুধু সোনালি অক্ষরে লেখা “বাংলাদেশ জামায়াতে ইসলামী” অংশটি রাখা হয়েছে।
যদিও জামায়াতের নেতারা গতকাল গণমাধ্যমে জানিয়েছিলেন, তাদের লোগো পরিবর্তনের প্রক্রিয়া চলছে এবং এখনও তা চূড়ান্ত হয়নি। কয়েকটি ডিজাইন ট্রায়ালে রয়েছে। দ্রুত একটি নির্ধারণ করে সেটি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হবে।
গতকাল প্রকাশিত নতুন লোগোতে দেখা গিয়েছিল সবুজ রঙের গ্রন্থের ওপর উদীয়মান সূর্য, তার ওপরে একটি কলম যা দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে ব্যবহৃত। গ্রন্থের দুই প্রান্ত থেকে ছিল একটি অর্ধবৃত্তাকার নকশা। নিচে সোনালি অক্ষরে লেখা ছিল “বাংলাদেশ জামায়াতে ইসলামী”। এর ওপর সাদা অক্ষরে আরবি ও ইংরেজি নামও উল্লেখ ছিল।
অন্যদিকে আজকের বৈঠক প্রসঙ্গে জামায়াতের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচনায় বাংলাদেশ ও ভুটানের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে খোলামেলা মতবিনিময় হয়। ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে দুই পক্ষই আশাবাদ ব্যক্ত করেন।