
গাজীপুর মহানগরের বড়বাড়ী এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি ও শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান। রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে তাকে বোর্ড বাজারের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে পুলিশের সহায়তায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন এবং মাথায় ১২টি সেলাই দেওয়া হয়েছে।
শ্রমিক অধিকার পরিষদের গাজীপুর মহানগরের সভাপতি মাজেদুর রশীদ জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ফেরার পথে বড়বাড়ী বাসস্ট্যান্ডে কয়েকজন দুর্বৃত্ত আব্দুর রহমানকে জোরপূর্বক গাড়িতে তোলার চেষ্টা করে। ব্যর্থ হলে তারা তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং হুমকি দেয়— “এমপি হওয়ার সাধ আজ মিটিয়ে দেবো, আজ তোর জীবনের শেষ দিন।” পরে টহল পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
বড়বাড়ী থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “রাত সাড়ে ১২টার দিকে হামলার ঘটনা ঘটে। আহত আব্দুর রহমান হাসপাতালে ভর্তি আছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, আব্দুর রহমান আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ মনোনীত গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী।