
রাজধানীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উত্তরা পূর্ব থানার জসীমউদ্দীন রোড মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো. আরমান মির্জা (২১)। তিনি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পূর্বহাটিয়ালা গ্রামের আবু সুফিয়ান মির্জার ছেলে ও ২০২৪ সালে উত্তরার আব্দুল্লাহপুর নবাব হাবিবুল্লাহ কলেজ থেকে এইচএসসি পাস করেছিলেন।
নিহতের খালা নাজনীন বেগম জানান, সকালে আরমান মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় জসীমউদ্দীন রোড এলাকায় একটি বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা প্রথমে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢামেকে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।