
গতকাল রবিবার ১৪৪ ধারার মধ্যেই খাগড়াছড়ি ও গুইমারায় সহিংসতার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ পরিস্থিতিতে পার্বত্য অঞ্চলের সব জাতিগোষ্ঠী, রাজনৈতিক দলের নেতা ও জনগণকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে সেনাবাহিনী।
এ ঘটনায় উপযুক্ত তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “গুইমারা উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে অন্তত ৩ জন নিহত এবং একজন মেজরসহ আইনশৃঙ্খলা বাহিনীর আরও ১৫ জন আহত হয়েছেন। এগুলো কীসের লক্ষণ? হঠাৎ পাহাড়ে এমন অস্থিরতার নেপথ্যে কারা আছে? অবিলম্বে তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করতে হবে এবং কারো ক্রীড়নক থাকলে তাকেও খুঁজে বের করতে হবে।”
তিনি আরও বলেন, “খাগড়াছড়ি অখণ্ড বাংলাদেশের অংশ। জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অনস্বীকার্য দায়িত্ব। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি।”