বাহিরের কোনো নেতা দিয়ে বাংলাদেশের কোনো কর্মী চলতে পারে না।

image 181

জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, বিদেশি কোনো নেতার নির্দেশে বাংলাদেশের কর্মীরা চলতে পারে না, আর বাংলাদেশও কোনো বিদেশি নেতার নির্দেশে পরিচালিত হতে পারে না। কেউ কেউ বলেন, ৫ই আগস্ট চাইলে আপনাদের নেতা রাষ্ট্রক্ষমতা গ্রহণ করতে পারতেন— কিন্তু যে নেতা এখনো দেশে ফিরতে নিরাপদ মনে করেন না, তিনি কীভাবে রাষ্ট্রক্ষমতা গ্রহণ করবেন?

বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলা চত্বর থেকে নাজিরপুর ইউনিয়নের বাংলাবাজার সংলগ্ন জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখার অফিস পর্যন্ত এক সংক্ষিপ্ত গণসংযোগ ও পথসভা শেষে তিনি এসব কথা বলেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “আমরা ইতিমধ্যে যেসব কার্যক্রম শুরু করেছি, সেগুলো আগামী দিনেও অব্যাহত থাকবে। বাউফলবাসী ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাদের বিপুলভাবে বিজয়ী করবে। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, বাউফলে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী আছে কি না। আমি বলেছি— জামায়াতে ইসলামী ও দাঁড়িপাল্লার এখন কোনো প্রতিদ্বন্দ্বী নেই। আমরা প্রতিযোগিতা চাই ভালো কাজের মধ্যে।”

তিনি আরও বলেন, “যদি কেউ ভালো কাজ করে দেখাতে পারে, আমরা পাঁচটি ভালো কাজ দিয়ে তার জবাব দেব। কিন্তু কেউ যদি আমাদের এই সমাজকল্যাণের কাজ থামানোর চেষ্টা করে, তাহলে ঘাম ও রক্ত মিশিয়ে আমরা সেই কাজ চালিয়ে যাব।”

পথসভায় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক খালেদুর রহমান, ছাত্রশিবির সভাপতি লিমন হোসেন, বাউফল উন্নয়ন ফোরামের সেক্রেটারি কামরুজ্জামান কাজল ও বাউফল ফাউন্ডেশনের সচিব অ্যাডভোকেট আবুল কাশেমসহ অন্যরা।