রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ঝুলন্ত অবস্থায় উদ্ধার, পাশে ৪টি চিরকুট

image 179

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের ছাত্রী সোনিয়া সুলতানার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) সকালে নগরীর মির্জাপুর এলাকার ইসলাম টাওয়ারে নিজ ফ্ল্যাট থেকে ওড়না দিয়ে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার দেহ পাওয়া যায়।

পুলিশ জানায়, কক্ষ থেকে চারটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটগুলোতে আত্মহত্যার কারণ স্পষ্ট করে উল্লেখ না থাকলেও তাতে গভীর হতাশার ইঙ্গিত পাওয়া গেছে। একটি চিরকুটে ময়নাতদন্ত না করার আবেদনও ছিল।

মেয়েকে হারিয়ে আহাজারিতে ভেঙে পড়েছেন সোনিয়ার বাবা-মা। মা সেতারা বেগম জানান, সকালে মেয়েকে ডাকতে গিয়ে দেখেন সে ঝুলছে। পরে পুলিশ এসে দেহ নামিয়ে নেয়।

পরিবার জানায়, গত ৫ সেপ্টেম্বর সোনিয়ার বিয়ের দিনক্ষণ ঠিক হয়েছিল এবং আংটি পরানোও হয়। কিন্তু কিছুদিন পর বিয়ে ভেঙে যায়। \

image 180

সহপাঠীরা জানান, সোনিয়া ছিলেন হাসিখুশি ও মেধাবী ছাত্রী। মঙ্গলবার তিনি চতুর্থ বর্ষের ভাইভা পরীক্ষা দিয়েছিলেন এবং সেসময় স্বাভাবিকই ছিলেন। বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখতেন তিনি, তবে পারিবারিক কারণে তা বাস্তবায়ন কঠিন হয়ে উঠেছিল। সাম্প্রতিক সময়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলেও সহপাঠীরা জানান।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, পরিবারের অনুরোধে পুলিশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দিয়েছে।

মতিহার থানার ওসি আব্দুল মালেক জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোনিয়ার বাবা শামসুল হক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি করতেন। কয়েক বছর আগে তাদের একমাত্র ছেলে মারা যান। এখন মেয়েকে হারিয়ে নিঃসন্তান হলেন তারা।