প্রবাসীর বাড়িতে বিস্ফোরক তৈরি: ২৩ পেট্রোলবোমাসহ ৩ জন গ্রেপ্তার

image 182

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি প্রবাসীর পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরক তৈরির সরঞ্জামসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) দুপুরে আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামে সৌদি প্রবাসী টিটু সরদারের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, ১৩ নভেম্বর ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে ওই তিনজন বিস্ফোরক তৈরির প্রস্তুতি নিচ্ছিল।

আটকরা হলেন—টাঙ্গাইলের আলতাফ হোসেনের ছেলে রাজ ইসলাম (২৫), চাঁদপুরের নূর মোহাম্মদের ছেলে রাকিব হোসেন (২৪) এবং সুনামগঞ্জের জালাল উদ্দিনের ছেলে জিয়াউর রহমান (২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসীর দীর্ঘদিনের পরিত্যক্ত টিনের ঘরে তারা ককটেল ও পেট্রোল বোমা তৈরি করছিলেন। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার থেকে তারা সেখানে অবস্থান করছিলেন।

অভিযানে পুলিশ ২৩টি পেট্রোল বোমা, ককটেল, গানপাউডার, পেট্রোল, অকটেনসহ বিস্ফোরক তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করে। পুলিশের দাবি, আরও বোমা তৈরির প্রস্তুতি চলছিল।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, “নাশকতার উদ্দেশ্যে বোমা তৈরির খবর পেয়ে অভিযান চালানো হয়। উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে তিনজনকেই আটক করা হয়। তাদের একজনের হাতে সামান্য আঘাত লেগেছে। যাচাই-বাছাই শেষে বিস্তারিত জানানো হবে।”