
ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দেশটিতে নিপাহ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় বড় এই টুর্নামেন্ট আয়োজন করা আদৌ সম্ভব কি না—তা নিয়ে স্বাস্থ্যঝুঁকির প্রশ্ন উঠেছে।
পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনেও উদ্বেগ বাড়ছে। এরই মধ্যে বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে নেওয়ার দাবি তুলেছে পাকিস্তান।
জানা গেছে, পশ্চিমবঙ্গসহ ভারতের কয়েকটি অঞ্চলে নিপাহ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। প্রাণঘাতী এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কায় দেশজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কলকাতার কাছাকাছি একটি বেসরকারি হাসপাতাল থেকেই সংক্রমণের সূত্রপাত হয়। এতে একজনের মৃত্যু হয়েছে এবং অন্তত একশ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। হাসপাতালের এক নার্সের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের (এইমস) সভাপতি ডা. নরেন্দ্র কুমার সতর্ক করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে ১০০ থেকে ২০০ জনের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। তিনি জানান, নিপাহ ভাইরাসের এখনো কোনো কার্যকর ভ্যাকসিন নেই। এ কারণে অনেকেই আশঙ্কা করছেন, ভারতে আবারও কোভিড-১৯-এর মতো সংকট তৈরি হতে পারে।
সংক্রমণের খবরে এশিয়ার বিভিন্ন দেশ সতর্ক অবস্থান নিয়েছে। থাইল্যান্ড, নেপাল ও ভিয়েতনামসহ কয়েকটি দেশের বিমানবন্দরে বাড়ানো হয়েছে স্বাস্থ্য পরীক্ষা। ভারত থেকে আগত যাত্রীদের বিশেষভাবে স্ক্রিনিং করা হচ্ছে।
এই প্রেক্ষাপটে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে প্রকাশ্যে আপত্তি তুলেছে পাকিস্তান। দেশটির গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এমনকি পুরো টুর্নামেন্ট ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের দাবিও উঠেছে। তবে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া অন্যান্য দেশ এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
নিপাহ ভাইরাস যদি আরও বিস্তার লাভ করে এবং মহামারীর রূপ নেয়, তাহলে নির্ধারিত সূচিতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা সম্ভব হবে কি না—সেই প্রশ্নই এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।