বিএনপি সংকট: দুই মন্ত্রীর পদত্যাগ না করাকে প্রশ্ন করলেন তারেক রহমান

image 222

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বলেছেন, বিএনপির বিরুদ্ধে একটি রাজনৈতিক দল পালিয়ে যাওয়া স্বৈরাচারের ভাষায় কথা বলছে। বিএনপি সরকারের দুর্নীতি নিয়ে তারা এত সোচ্চার, অথচ ২০০১-০৬ সালের বিএনপি সরকারের সময় তাদেরও দুইজন সদস্য (মন্ত্রী) ছিল। তিনি প্রশ্ন তোলেন, “বিএনপি যদি তখন দুর্নীতিতে চ্যাম্পিয়নই হয়, তাহলে তারা কেন পদত্যাগ করেনি?” তার ব্যাখ্যা, তখন তারা জানতো খালেদা জিয়া দুর্নীতির বিরুদ্ধে আপস করেননি এবং দুর্নীতি কমাতে উদ্যোগ নিয়েছিলেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহ জেলা সার্কিট হাউজ মাঠে নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “অনেক দল আছে যারা জনসভায় এসে অন্য দল সমালোচনা করে, কিন্তু রাজনৈতিক দল সমালোচনা করলে জনগণের উন্নয়ন হয় না। বিএনপি ছাড়া কারোরই দেশ নিয়ে কোনো বাস্তব পরিকল্পনা নেই।”

তিনি ভোটারদের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানিয়ে বলেন, “ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নিতে হবে। কেউ যাতে ভোট লুটপাট করতে না পারে, সেই জন্য পাহারা দিতে হবে।”

চেয়ারম্যান আরও বলেন, “আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশ এগিয়ে যাবে। জনগণের শাসন কায়েম করা সম্ভব হবে। আমরা দেশকে জনগণের বাংলাদেশ, কাঙ্ক্ষিত বাংলাদেশ হিসেবে গড়ে তুলব।”

সমাবেশে তারেক রহমান বিএনপি ক্ষমতায় এলে দলটির প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষক কার্ড এবং কর্মসংস্থান সংক্রান্ত পরিকল্পনাও তুলে ধরেন।