কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, জলবায়ু তহবিল অনুদান হিসেবে দেওয়ার দাবি জানাবে বাংলাদেশ

জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে স্বল্প সময়ের সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের উচ্চপর্যায়ের দুই দিনব্যাপী অধিবেশনে অংশ নেবেন তিনি।

সোমবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি জানান, সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং জলবায়ু সহনশীলতা অর্জনে বাংলাদেশের সাফল্য ও বিভিন্ন উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা হবে। একই সঙ্গে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে উপস্থাপন করবে বাংলাদেশ।

শামা ওবায়েদ বলেন, জলবায়ু তহবিল যেন ঋণের পরিবর্তে অনুদান হিসেবে দেওয়া হয়, সে বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হবে। পাশাপাশি বড় কার্বন নিঃসরণকারী দেশগুলোর দায়বদ্ধতা নিশ্চিত করার দাবিও জানানো হবে।

প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের তারিখ এবং সম্মেলনে বাংলাদেশের অবস্থান সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর প্রতিটি বিদেশ সফরের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হয়। এবারও এর ব্যতিক্রম হবে না।

সম্মেলনে বাংলাদেশের দুটি বিষয় বিশেষ গুরুত্ব পাবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও সহনশীলতা অর্জনে বাংলাদেশসহ এ অঞ্চলের মানুষের অর্জন তুলে ধরা হবে। পাশাপাশি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ভবিষ্যৎ সুরক্ষায় কী ধরনের আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন, তা তুলে ধরা হবে।

তিনি আরও বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান খুবই সামান্য। অথচ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম বাংলাদেশ। তাই বড় কার্বন নিঃসরণকারী দেশগুলোর কাছ থেকে দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে বাংলাদেশ।

জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে শামা ওবায়েদ বলেন, গত ছয় মাসে প্রধানমন্ত্রী খাল খনন, বৃক্ষরোপণ, সৌরবিদ্যুৎ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন। এসব উদ্যোগ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ভূমিকা রাখছে। সম্মেলনে সরকারের এসব উদ্যোগ ও অর্জনও তুলে ধরা হবে।

প্রসঙ্গত, আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১। এতে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।