১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা, নতুন মূল্য ২ হাজার ৬০ টাকা

আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। নভেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে অটোগ্যাসের দামও।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় গ্রাহক পর্যায়ে এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত দাম রাত ৮টা থেকে কার্যকর হবে।

বিইআরসির প্রজ্ঞাপন অনুযায়ী, নভেম্বর মাসে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের দাম মূসকসহ ৭ টাকা ৩৩ পয়সা বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন নির্ধারিত দাম কার্যকর থাকবে।

এর আগে, গত ৪ অক্টোবর সর্বশেষ এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়। একই সময়ে অটোগ্যাসের দাম প্রতি লিটারে ১১ টাকা ৫৩ পয়সা বাড়িয়ে মূসকসহ ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করেছিল বিইআরসি।